ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাঈল হানিয়ার সঙ্গে কথা বলেছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। শনিবার ফোনে কথা হয় তাদের। হামাসের এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ফোনালাপে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য তালেবানকে অভিবাদন জানান ইসমাঈল হানিয়া।
হামাস নেতা বলেন, তালেবান আন্দোলন ফিলিস্তিনে তাদের ভাইদের জেরুজালেম মুক্ত করার ব্যাপারে ভূমিকা রাখতে পারে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ভাষণে ফিলিস্তিন, বিশেষ করে জেরুজালেম এবং সেখানে দখলদার বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করারও আহ্বান জানান হামাসের রাজনৈতিক শাখার প্রধান।
আফগান পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং জেরুজালেম ইস্যুতে তাদের দৃঢ়তার জন্য গর্ব প্রকাশ করেন।









