করোনার সঙ্গে সহাবস্থানের পরিকল্পনা তুলে ধরেছে সিঙ্গাপুর। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ পরিকল্পনা উপস্থাপন করেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
ভাষণে সিঙ্গাপুরে টিকাদান পরবর্তী সময়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার বাস্তবতায় করোনাভাইরাসের সঙ্গে সহাবস্থানের কৌশল নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। জোর দেন কোভিডের ফলে সৃষ্ট ‘নিউ নরমাল’ বাস্তবতার ওপর।
তিনি বলেন, স্থানীয় সংক্রমণের ঘটনাগুলোর মধ্যে ৯৮ শতাংশের বেশি মৃদু অথবা কোনও ধরনের উপসর্গবিহীন। টিকা নেওয়ার ফলে কোভিড-১৯ আমাদের অধিকাংশের জন্যই এখন আর কোনও বিপজ্জনক রোগ নয়।
লি সিয়েন লুং বলেন, সরকার এখন থেকে অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের ওপর লকডাউনসহ আর কোনও ধরনের বিধিনিষেধ আরোপ করবে না। এর বদলে বরং কোভিডের সঙ্গে সহাবস্থানের একটি কৌশল কার্যকর করা হবে।
তিনি বলেন, কোভিডের সঙ্গে বসবাসের কৌশল নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। জার্মানি ও ব্রুনাইয়ের সঙ্গে চালু করা টিকা নেওয়াদের ভ্রমণনীতি সফল হয়েছে। আরও ৯টি দেশের সঙ্গে এটি চালু করা হবে।
লি সিয়েন লুং বলেন, করোনাভাইরাস এখনই চলে যাচ্ছে না। ডেল্টা ভ্যারিয়েন্ট সেটি আমাদের দেখিয়ে দিয়েছে। কিন্তু ভ্যাকসিন নেওয়া, সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখা এবং সতর্ক নজরদারির মাধ্যমে ‘নিউ নরমাল’ বাস্তবতাকে সঙ্গী করে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।
সিঙ্গাপুরের মোট জনগোষ্ঠীর ৮৩ শতাংশ এরইমধ্যে পূর্ণ ডোজ করোনার টিকা পেয়েছে। তবে টিকা নেওয়ার পরও অনেকের কোভিড শনাক্তের ঘটনা ঘটেছে। সূত্র: এনএইচকে, রয়টার্স।









