আফগানিস্তানের কাবুলে সামরিক হাসপাতালে ইসলামিক স্টেট (আইএস)-এর মঙ্গলবারের হামলায় তালেবানের এক সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বুধবার তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিহত হামদুল্লা মখলিস কট্টরপন্থী হাক্কানি নেটওয়ার্কের সদস্য ও তালেবানের স্পেশাল ফোর্স বদরি কর্পসের একজন কর্মকর্তা। কাবুল দখলের পর নিহত হওয়া সবচেয়ে সিনিয়র কর্মকর্তা তিনি।
তালেবান মিডিয়া কর্মকর্তা বলেন, সরদার দাউদ খান হাসপাতালে হামলার খবর পাওয়ার পর কাবুল কর্পসের কমান্ডার মৌলভী হামদুল্লা দ্রুত ঘটনাস্থলে যান। আমরা তাকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু হেসেছিলেন। পরে জানতে পারি হাসপাতালে সম্মুখ লড়াইয়ে তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবারের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়। কাবুলের প্রধান সামরিক হাসপাতালে চালানো হামলাটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান।









