সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) কবরে পাঠানোর অঙ্গীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। সুইজারল্যান্ডের দাভোস সফরকালে বিসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অঙ্গীকারের কথা জানান।
আফগান প্রেসিডেন্ট বলেন,‘আইএস আফগানিস্তানের বিষয় নয়। তাদের নৃশংসতা মানুষকে ক্ষুব্ধ করেছে। তারা (আইএস) ভুল লোকজনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। আফগানরা তাদের ধ্বংস করবে।’
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আইএসবিরোধী পদক্ষেপ জোরালো করারও আহ্বান জানান আফগান প্রেসিডেন্ট।
তালেবানদের সঙ্গে আফগান সরকারের সম্ভাব্য আলোচনা নিয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন,‘আগামী এপ্রিল থেকে প্রস্তবিত ওই শান্তি আলোচনা শুরু না হলে গোটা অঞ্চল জুড়ে এর খারাপ প্রভাব পড়বে।’
আইএস এখন আফগানিস্তানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ফলে তাদের সঙ্গে আফগান সরকার ও তালেবান গোষ্ঠীর নিয়মিত লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ২০১৫ সালে আফগানিস্তানে আইএসের শাখা গঠিত হয়। সাবেক তালেবান সদস্যদের নিয়ে তৈরি হয় নতুন এ জঙ্গি সংগঠনটি। সূত্র: বিবিসি।
/এমপি/বিএ/








