পাকিস্তানের পেশাওয়ারে এক খ্রিষ্টান যাজককে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে তাকে গুলি করা হয়। এসময় তার এক সহকর্মী আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা হারুন খান জানান, যাজক উইলিয়ামকে সিরাজকে বহনকারী একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতরা। চামকানি এলাকায় সহকর্মীকে নিয়ে গির্জা থেকে বাড়ি ফিরছিলেন তিনি।
তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে অঞ্চলটি সম্প্রতি জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। বেশিরভাগ হামলা চালানোর দাবি করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তারা নিজেদের আফগান তালেবানের সহযোগী বলে দাবি করে।
কর্মকর্তারা নিহত যাজক সিরাজের গির্জার নাম প্রকাশ করেননি।
স্থানীয় হাসপাতালের এক মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, যাজকের আহত সহকর্মী শঙ্কামুক্ত।
২০১৩ সালে পেশাওয়ারের অ্যাঙ্গলিকান গির্জার বাইরে এক আত্মঘাতী হামলায় ৭৮ জন নিহত হয়েছিলেন।









