শীতকালীন অলিম্পিকের শুরুতে চীন ও রাশিয়ার ‘সীমাহীন অংশীদারিত্বের’ সমালোচনা করেছে তাইওয়ান। চীনা সরকার অলিম্পিকে লজ্জাকর চেতনা আনছে বলে দুই দেশে অংশীদারিত্বকে ‘অবমাননাকর’ বলে উল্লেখ করেছে তাইপে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
অলিম্পিকের উদ্বোধনের আগে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে পশ্চিমাদের বিরুদ্ধে একে অপরের পাশে থাকা ও সহযোগিতা প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতা।
তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন জানিয়েছে রাশিয়া। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানের যে কোনও ধরনের স্বাধীনতার বিরোধিতা করে তারা।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে মিথ্যা দাবি করে চলেছে চীন। এতে শুধু যে তাইওয়ানের মানুষের চীনের প্রতি বিতৃষ্ণা জন্মাবে তা না, এতে চীনের কমিউনিস্ট শাসনের আগ্রাসন, সম্প্রসারণবাদ ও শান্তি বিনষ্ট করার প্রবণতা বিশ্বের কাছে প্রদর্শিত হবে।
মন্ত্রণালয় আরও বলেছে, সারা বিশ্বের মনোযোগ যখন শীতকালীন অলিম্পিকে তখন চীন সরকার রাশিয়ার সঙ্গে সম্মেলন করে কর্তৃত্ববাদের সম্প্রসারণ করছে। এটি অলিম্পিক রিংয়ের শান্তিপূর্ণ চেতনার প্রতি অপমান।









