নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সরকার ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে নিজ দেশের উদ্বেগের কথা জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
গাও ফেং বলেন, তার দেশের প্রত্যাশা ভারত চীনা প্রতিষ্ঠানগুলোসহ সব বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে স্বচ্ছ, ন্যায্য ও বৈষম্যহীন আচরণ করবে।
তিনি বলেন, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার গতি বজায় রাখতে ভারত জোরালো পদক্ষেপ নিতে পারে। দিল্লির কাছে বেইজিং এমনটাই আশা করে।
ভারতে সম্পতি নিষিদ্ধ ৫৪টি চীনা অ্যাপসের বেশিরভাগই চাইনিজ। দিল্লির দাবি, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২০ সালে সীমান্তে সংঘর্ষের পর রাজনৈতিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই ভারত পর্যায়ক্রমে চীনা অ্যাপগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। প্রথমে টিকটকসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। এই তালিকায় বর্তমানে ৩২১টি অ্যাপ রয়েছে।









