পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদলগুলোর অনাস্থা প্রস্তাব উঠেনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে। তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার ভোটাভুটির কথা থাকলেও অধিবেশন মূলতবি ঘোষণা করেন পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার। সদ্যপ্রয়াত সদস্য খায়াল জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২৮ মার্চ পর্যন্ত অধিবেশের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
এদিন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ইন ইনসাফের (পিটিআই) শাহ মাহমুদ কোরেশি, শিরিন মাজারি, আসার ওমর এবং আলি মোহাম্মদ খান, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) ড. ফাহমিদা মির্জা অধিবেশনে যোগ দেন।
বিরোধীদল থেকে যোগ দিয়েছিলেন শাহবাজ শরীফ, পিপিপি'র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং পিপিপি'র আসিফ আলী জারদারি। শুক্রবারের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন কোরআন তিলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়। পরে খায়াল জামান এবং সাবেক প্রেসিডেন্ট রফিক তারার এবং সিনেটর রেহমান মালিকের জন্য প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ পাকিস্তানের বিরোধী দলগুলো অনাস্থা ভোটের প্রস্তাব ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয়ে পেশ করে। তাদের দাবি, সাবেক এই ক্রিকেটার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তার দলের ২০ জন আইনপ্রণেতা দল ত্যাগ করার পর বিরোধীরা এই প্রস্তাব আনে।
বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলি (এনএ) সচিবালয় শুক্রবারের অধিবেশনের যে ১৫টি কার্যতালিকা প্রকাশ করেছে তার মধ্যে অনাস্থা প্রস্তাবও ছিল। তবে আগে থেকেই ধারণা করা হয়, আইনপ্রণেতা খায়াল জামানের মৃত্যুর কারণে অধিবেশনের প্রথম দিনে পার্লামেন্টের স্বাভাবিক প্রক্রিয়া অনুষ্ঠিত হবে না।








