পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তার দল নির্বাচনের জন্য প্রস্তুত। একইসঙ্গে তাদের আইনি দল একটি পিটিশন নিয়ে কাজ করছে। তারা সুপ্রিম কোর্টে যাবে।
বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘আমরা সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু আমরা নিয়ম ও সংবিধান লঙ্ঘন হতে দিতে পারি না। তারা (সরকার) পাকিস্তানে অস্থিতিশীলতা চায়। কিন্তু আরও একবার আমরা তাদের পরাজিত করবো।’
তিনি বলেন, অনাস্থা প্রস্তাবের ওপর ভোট বাতিলের কোনও অধিকার ডেপুটি স্পিকারের নেই।
এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘটনায় নিজেদের কিছু করার ছিল না বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জিও নিউজের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার।
এদিনের ঘটনাপ্রবাহে সেনাবাহিনীর সম্পৃক্ততা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, একেবারেই না। সামরিক বাহিনী এসবের সঙ্গে যুক্ত নয়। আমাদের কিছু করার নেই।









