শপথ গ্রহণের একদিন পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি। দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে সোমবার শপথ নেওয়ার পর মঙ্গলবার পদত্যাগ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে লেখা একটি চিঠিতে আলি সাবরি উল্লেখ করেছেন, আমি অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। অবিলম্বে তা কার্যকর হবে।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা সোমবার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পর আলি সাবরিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর আগে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রেসিডেন্টের ভাই বাসিল রাজাপাকসা।
অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর জেরে দেশটিতে শুরু হয়েছে বিপুল বিক্ষোভ। দাবি উঠেছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের।
রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪০ জনেরও বেশি আইনপ্রণেতা। রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনা (এসএলপিপি) জোট সংশ্লিষ্ট দলের আইনপ্রণেতারা জানিয়েছেন তারা এখন স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবেন।









