ধর্ম অবমাননাকর কনটেন্ট সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়াকে সময় বেঁধে দেয় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। কিন্তু তা ব্যর্থ হওয়ার অভিযোগে তুলে জনপ্রিয় ওয়েবসাইটটিতে নাগরিকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
সারা বিশ্বে এই ওয়েবসাইটটি ব্যাপক জনপ্রিয়। কিন্তু ধর্ম অবমাননাকর কনটেন্ট নিয়ে আপত্তি তুলে পাকিস্তান। এরই প্রেক্ষিতে ‘বিদ্বেষমূলক কনটেন্ট’ অপসারণে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। তা না করায় শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশব্যাপী উইকিপিডিয়া সেবা বন্ধ করে দেয় পিটিএ।
পিটিএর একজন মুখপাত্র দাবি করেছেন, শুনানির সুযোগও দেওয়া হয়েছিল উকিপিডিয়ার কর্তৃপক্ষকে। কিন্তু আপত্তিকর বিষয়বস্তু অপসারণ করেনি প্ল্যাটফর্মটি। এমনকি এর ব্যাখ্যা দিতে কর্তৃপক্ষের মুখোমুখি হওয়ার প্রয়োজনও মনে করেনি।
সব ধরনের আপত্তিকর কনটেন্ট অপসারণ না হওয়া পর্যন্ত সাইটটিতে প্রবেশাধিকার বন্ধ থাকবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু ধর্ম অবমাননার কথা বলা হলেও কী কী কনটেন্ট তা স্পষ্ট করেনি পিটিআই।
এ ঘটনায় প্ল্যাটফর্মটি জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষের এমন পদক্ষেপে বিশ্বের পঞ্চম জনবহুল দেশটির মানুষ এখন আর জ্ঞানের মুক্ত ভাণ্ডারটি ব্যবহার করতে পারছে না। সূত্র: ডিডব্লিউ









