আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার সকালে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটির নাম হাওয়াসং-১৮। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য উৎক্ষেপণ চালিয়েছে।
বৃহস্পতিবার উৎক্ষেপণের তত্ত্বাবধানে ছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। সঙ্গে ছিলেন কিমের মেয়ে কিম জু আয়ে।
দক্ষিণ কোরিয়া ও জাপান বৃহস্পতিবার এই পরীক্ষার বিষয়টি শনাক্ত করতে পারে। আতঙ্কে জাপান তাদের উত্তরের দ্বীপ হোক্কাইদোর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই পরীক্ষাটিকে একটি ‘অলৌকিক সাফল্য’ হিসেবে বর্ণনা করে বলেছে। তারা জানায়, একটি নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বৃহস্পতিবার হয়েছে।
বার্তা সংস্থাটি কিমকে উদ্ধৃত করে জানায়, হাওয়াসং-১৮ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির দারুণ আবিস্কার। এটি আক্রমণাত্মক সামরিক কৌশলকে আরও শক্তিশালী করবে।
কেসিএনএ বলেছে, দেশের কৌশলগত বাহিনী দ্বারা চালিত হাওয়াসং-১৮ অস্ত্র ব্যবস্থাটি উত্তর কোরিয়ার নিরাপত্তায় বড় ভূমিকা পালন করবে।
সলিড (কঠিন জ্বালানি) ফুয়েল মিসাইল (ক্ষেপণাস্ত্র) ব্যবহার করা নিরাপদ। এটির ব্যবহারও সহজ। তরল-চালিত ক্ষেপণাস্ত্রের চেয়ে এটিকে দ্রুত মোতায়েন করা যায়। সূত্র: আল জাজিরা







