পাকিস্তানের সিন্ধু প্রদেশে সন্তানদের পোলিও টিকা দিতে অস্বীকৃতি জানালে মা-বাবাকে কারাদণ্ড বা জরিমানার মুখে পড়তে হবে। গত সপ্তাহে পাস হওয়া আইন অনুসারে, মা-বাবার এক মাসের জেল বা ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার টাকা) জরিমানা হতে পারে। আগামী মাসে এই আইন কার্যকর করা হবে। টিকার জন্য জেল-জরিমানা পাকিস্তানেই প্রথম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শাজিয়া মারি বলেন, যারা টিকা নেয় না তাদের ওপর এই আইন প্রয়োগ করা হবে। পাকিস্তান থেকে পোলিও ভাইরাস নির্মূল করতে কিছু অসাধারণ পদক্ষেপ নিতে হবে। অনেক কারণেই এই ভাইরাস আমাদের দেশে রয়ে গেছে। সেই কারণগুলো সমাধান করা দরকার।
এই আইনের প্রবর্তনের উদ্দেশ্য হলো পোলিও নির্মূল করা। পাকিস্তানে এই রোগটি খুব প্রকট। কিন্তু ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি (পারটুসিস), হাম, মাম্পস ও রুবেলার টিকা নিতে অস্বীকৃতি জানালেও আইনটি প্রয়োগ করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে শুধু পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও স্থানিক পর্যায়ে বিরাজ করছে। এ বছর পাকিস্তানে দুটি বন্য পোলিওতে আক্রান্তের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ২০২২ সালে এই সংখ্যা ছিল ২০টি। তবে এ বছর সিন্ধুতে কোনও পোলিও আক্রান্তের খবর পাওয়া যায়নি।
এই বছরের জানুয়ারিতে দেশব্যাপী পোলিও টিকাদানের সময় সিন্ধু প্রদেশের ৬২ হাজার অভিভাবক তাদের সন্তানদের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পাকিস্তানে টিকাবিরোধী মনোভাব রয়েছে। লোকমুখে প্রচলিত আছে টিকা মুসলিম শিশুদের মধ্যে বন্ধ্যাত্ব ছড়িয়ে দেওয়ার জন্য পশ্চিমা ষড়যন্ত্র। কিছু এলাকায় টিকাদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তারক্ষীদের সহযোগিতা নিতে হয়। দেশটিতে বেশিরভাগ টিকাদানকারী নারী। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে।









