সিরিয়ায় সামরিক একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) এক অস্ত্র সজ্জিত ড্রোন দিয়ে সমাবর্তন অনুষ্ঠানে এই হামলা হয়েছিল। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এই অনুষ্ঠান ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরই এই হামলা হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা শতাধিক এবং আহত হয়েছে অন্তত ১২৫ জন। সিরীয় সরকারকে সমর্থনকারী এক জোটের কর্মকর্তাও নিহতের সংখ্যা ১০০ বলে নিশ্চিত করেছেন।
সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ নিহত কম বলে দাবি করেছেন। রাষ্ট্রীয় টিভিকে তিনি বলেছেন, এই হামলায় ছয় নারী ও ছয় শিশুসহ ৮০ জন নিহত হয়েছে। ২৪০ জন গুরুতর আহত হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও সংগঠনের নাম উল্লেখ না করে বলেছে, সন্ত্রাসীরা এই হামলায় ড্রোন ব্যবহার করেছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সিরিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পূর্ণ শক্তি নিয়ে’ এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোমসের বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চল থেকে এই বিস্ফোরকবোঝাই ড্রোন পাঠানো হয়। গতকাল বিকেলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই একাধিক ড্রোন থেকে এ হামলা চালানো হয়।







