পাকিস্তানের সাধারণ নির্বাচনের ‘সময়মতো ও পরিপূর্ণ নির্বাচনি ফলাফলের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। যে ফলাফলে দেশটির জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে দলেরই হোক না কেন, দ্বিপক্ষীয় স্বার্থকে এগিয়ে নিতে পাকিস্তানের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানে ভোটগ্রহণের ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ ফলাফল ঘোষণা করেনি দেশটির নির্বাচন কমিশন। ঘোষিত বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
তবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) নেতা নওয়াজ শরিফ নির্বাচনে জয়ের দাবি করেছেন। তিনি বলেছেন, এককভাবে বৃহত্তম দল নির্বাচিত হয়েছে পিএমএলএন এবং জোট সরকার গঠনের জন্য অপর দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।








