কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের গ্যালারীতে সোমবার (২৪ মার্চ) গণহত্যা দিবস পালিতে হয়েছে। এই দিন আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গণহত্যা দিবস নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রদর্শন করা হয়। এরপরই পালন করা হয় এক মিনিট নিরবতা।
এরপর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে সব কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করে শোনান কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সিলর (কনস্যুলার), এ.এস.এম আলমাস হোসেন। অনুষ্ঠানে গণহত্যা দিবস নিয়ে আলোচনা করেন মন্ত্রী ও দূতালয় প্রধান সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং প্রথম সচিব (বাণিজ্যিক) মো: শামসুল আরিফ।
সমাপনী বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এবং পরবর্তী ৯ মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান আন্দালিব ইলিয়াস। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ।
এসময় গণহত্যা নিরসনে এবং ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বাংলাদেশ সরকারের নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, শহিদদের স্বপ্ন পূরণে, সোনার বাংলা গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।
বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।









