আরজি কর: মমতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আরও বাড়ছে

রক্তিম দাশ, কলকাতা
১৯ আগস্ট ২০২৪, ২০:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২০:৫৫

আরজি করের ঘটনা গণঅভ্যুত্থানের আকার নিচ্ছে পশ্চিমবঙ্গে। প্রতিদিনই মমতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে কাঁপছে কলকাতা। স্লোগান উঠছে মমতার পদত্যাগের এক দফা দাবিতে। আরজি করে নারী চিকিৎসক মৃত্যুর ঘটনায় নির্যাতিতার নাম ও পরিচয় প্রকাশ করার অভিযোগ উঠেছে কলকাতার দুই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে। রবিবারই লালবাজার তাদের তলব করেছিল। দুই চিকিৎসকই জানিয়েছিলেন তারা সোমবার দুপুরে লালবাজারে হাজিরা দেবেন।

সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজে দুই চিকিৎসককে তলবের প্রতিবাদে বিশাল সংখ্যায় চিকিৎসকরা জমায়েত করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলে দুই চিকিৎসককে নিয়ে চিকিৎসকদের একটি মিছিল রওনা দেয় লালবাজারের উদ্দেশে। এরপর লালবাজারের বেশ কিছুটা আগেই চিকিৎসকদের মিছিল আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। শুধু দুই চিকিৎসককেই লালবাজারে ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয়। পুলিশ তাদের সঙ্গে নিয়ে লালবাজারে ঢুকে।

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে চিকিৎসকদের বিক্ষোভ

এদিকে লালবাজারের অদূরে যেখানে মিছিল আটকে দেওয়া হয়েছিল, সেখানে মানববন্ধন করে দাঁড়িয়ে থাকেন চিকিৎসকেরা। প্রায় এক ঘণ্টা পর লালবাজার থেকে বেরিয়ে আসেন দুই চিকিৎসক কুণাল ও সুবর্ণ। তারা বেরিয়ে এসে জানান, পুলিশের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কিন্তু তারাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চিকিৎসকদের সমন দিয়ে ডাকার কোনও প্রয়োজন নেই।

চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, আমরা পুলিশকে জানিয়েছি, সমন দিয়ে ডাকার কোনও দরকার ছিল না। এতে সমগ্র চিকিৎসক সমাজ একে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। এরপর কোনও চিকিৎসককে সমন দেওয়ার আগে ৫ বার ভাববেন। অনেক আগেই তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন। আমরা গঠনমূলক পরামর্শ দিতে পারতাম।

তিনি আরও জানান, পুলিশ কোথায় তদন্ত করতে ব্যর্থ হয়েছে, দোষীকে খুঁজতে ব্যর্থ হয়েছে, সেই বিষয়েও পুলিশকে জানিয়েছেন তারা।

ডাক্তার কুণাল সরকারও বলেন, ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য সমন পাঠানোর প্রয়োজন নেই। এমনি কথা বলতেই পারেন।

এদিকে, রাখি বন্ধনে আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মানববন্ধন কলকাতা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের। এদিন সকালে হাতে রাখি নিয়ে মানববন্ধন করে প্রতিবাদ দেখান মেডিক্যাল শিক্ষার্থীরা।

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নেমেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। সোমবার হাইকোর্ট চত্বরে পথে প্ল্যাকার্ড হাতে ‘বিচার চাই’ স্লোগানে হাঁটলেন তারা।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

লালবাজার থেকে বাইরে এসে চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী বক্তব্য রাখছেন

রবিবার যে সব মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থক গ্রেফতার হয়েছিলেন তাদের পিআর বন্ডে মুক্তি দেওয়া হবে। ইতোমধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সোমবার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এমনটাই জানালেন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, মোহন-ইস্ট সমর্থকদের ছেড়ে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুটা সময় লাগবে।

গ্রেফতার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর-কাণ্ডে তাকে দুবার নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ। হাজিরা না দেওয়ায় গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আবেদন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আগামীকাল শুনানি।

রবিবার ফুটবল সর্মথকদের গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন সুখেন্দু। সাংসদ এক্স হ্যান্ডেলে লেখেন, আমি সব ফুটবল ও ক্রীড়াপ্রেমীদের কাছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের নির্বিচারে গ্রেফতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানাই। জয় মোহনবাগান! জয় ইস্টবেঙ্গল!

আরজি করে চিকিৎসক হত্যার ঘটনায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বার্তা দিলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি অনেকদিন ধরে অনেক জায়গায় অনেক বার বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি। পরিবারের (নির্যাতিতার) প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইলো। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাড়াতাড়ি তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। এটাই সব চেয়ে বড় কাম্য।

৭০ জন পদ্ম সম্মানে ভূষিত চিকিৎসক চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন তারা এই চিঠিতে। দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হওয়া সহিংস ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন ওই চিকিৎসকরা ৷ এ ধরনের ঘটনাগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রণয়নের আবেদন জানিয়েছেন তারা।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী