বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ও ব্যস্ততম মোংলা বন্দর দ্রুত সম্প্রসারণ করতে চায় ভারত। বুধবার (২৫ সেপ্টেম্বর) নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট সরকারের শততম দিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন দেশটির বন্দর, শিপিং ও নৌপথমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট এই খবর জানিয়েছে।
ইরানের চাবাহার ও মিয়ানমারের সিতওয়েতে বন্দর সুবিধা তৈরি করেছে ভারত। এবার বাংলাদেশ ও শ্রীলঙ্কায় দুটি বন্দর তৈরি করতে যাচ্ছে দেশটি। ওই অনুষ্ঠানে সর্বানন্দ সোনোয়াল বলেন, বিশ্ব সামুদ্রিক খাতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে চায় ভারত। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় দুটি অতিরিক্ত বন্দর তৈরি করে এই প্রতিযোগিতায় নিজেকে আরও শক্তিশালী করবে দেশটি।
এ সময় তিনি জানান, বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ও ব্যস্ততম মোংলা বন্দর সম্প্রসারণের কাজটি করবে মন্ত্রণালয়ের অধীনে সাগরমালা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী সংস্থা ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল)।
তিনি বলেন, এছাড়া, শ্রীলঙ্কার জাফনার কনকেসন্তরাইয়ের টার্মিনালগুলো সম্প্রসারণ কাজও ভারত করার চেষ্টা করবে।
এরইমধ্যে ভারতের তামিলনাড়ুর নাগাপাত্তিনাম ও কনকেসন্তরাইয়ের মধ্যে নতুন ফেরি সেবা চালু হয়েছে বলেও জানান ভারতীয় মন্ত্রী।
সর্বানন্দ বলেন, ‘আমরা সামুদ্রিক খাতে বৈশ্বিক নেতা হতে চাই।’
গত জুনে নির্বাচন শেষে জোট সরকার এনডিএ গঠন করে মোদির দল বিজেপি। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। এই সরকারের ১০০তম দিন পূর্ণ হয়েছে আজ।








