ফিলিপাইনের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায়ে এক সমকামী দম্পতিকে সম্পত্তির মালিকানার স্বীকৃতি দিয়েছে। আদালত জানিয়েছে, যদি প্রমাণ করা যায় যে উভয় পক্ষই কোনো সম্পত্তি অর্জনে অর্থ বা শ্রম দিয়েছে, তবে তারা সেই সম্পত্তির মালিকানা ভাগাভাগি করতে পারবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফিলিপাইন এক প্রথাগত ক্যাথলিক দেশ, যেখানে সমকামী বিবাহ আইনগতভাবে অনুমোদিত নয় এবং দেশটি ভ্যাটিকান ছাড়া বিশ্বের একমাত্র দেশ যেখানে তালাক বৈধ নয়। ফলে এলজিবিটিকিউ পরিচয়ধারী যুগলরা সম্পত্তি, অর্থ বা চিকিৎসাসেবা সংক্রান্ত আইনি সুরক্ষা থেকে বঞ্চিত থাকতো।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক রায়ে এই ঘোষণা এসেছে। ম্যানিলার শহরতলী এলাকায় এক সমকামী প্রাক্তন নারী দম্পতি তাদের বাসস্থান বিক্রিকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে আদালতের আশ্রয় নিলে ফিলিপাইনের সুপ্রিম কোর্ট এই রায় প্রদান করে। এক নারী প্রথমে বিক্রির জন্য রাজি হলেও পরে তাতে অস্বীকৃতি জানান, যা নিয়ে অপর পক্ষ নিম্ন আদালতে সম্পত্তি ভাগাভাগির আবেদন করেন। আদালত প্রথমে আবেদনটি নাকচ করে দেয় এবং এ সিদ্ধান্ত কোর্ট অফ আপিলেও বহাল থাকে।
কিন্তু ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে দেয়। আদালত উল্লেখ করে, এই দম্পতির একজন তার অংশের ৫০% ক্রয় ও সংস্কার খরচ দিয়েছিলেন, যা অপর পক্ষ স্বীকার করেছিলেন। যেহেতু তারা বিবাহিত বা রক্ত সম্পর্কযুক্ত ছিলেন না, তাই শুধু এক পক্ষের নামে সম্পত্তি নথিভুক্ত করা হয়েছিল।
সুপ্রিম কোর্ট জানায়, ফ্যামিলি কোডের ১৪৮ ধারা অনুযায়ী যারা বৈধভাবে বিবাহ করতে পারছে না, তাদের সম্পত্তি সম্পর্কের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। কোর্টের মতে, এই ধারা সমকামী জুটির ক্ষেত্রেও প্রযোজ্য। আদালত সরকার ও আইনপ্রণেতাদেরও সমকামী জুটির অধিকার নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করেছে।









