ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত মন্তব্য ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভিডিওটির সত্যতা যাচাই করে ‘যথাযথ ব্যবস্থা’ নেবে নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, তিনি ‘মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান না’ বলে মন্তব্য করছেন। এফবিআই পরিচালকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মোদির প্রশংসা করে বলেন, মোদি একজন মহান মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে ‘ভালোবাসা’ শব্দটি যেন ভিন্নভাবে ব্যাখ্যা করা না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
ট্রাম্প ভিডিওতে আরও বলেন, আমি ভারতের দিকে বহু বছর ধরে নজর রাখছি। আমার বন্ধু সেখানে দীর্ঘ সময় ধরে আছেন।
এই ভিডিও প্রসঙ্গে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমি ভিডিওটি দেখিনি। তবে যদি সত্যিই এমন কোনও ভিডিও থেকে থাকে, তবে সেটি সত্য হোক বা মিথ্যা, আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।
সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, বাণিজ্য থেকে শুরু করে জনযোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা; সব ক্ষেত্রেই রাশিয়ার সঙ্গে ভারতের সহযোগিতা অব্যাহত রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই সব দিক আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক নিয়ে হোয়াইট হাউজের ফ্যাক্টশিটে সাম্প্রতিক কিছু সংশোধনীর বিষয়েও ব্যাখ্যা দেন মুখপাত্র। তিনি জানান, এই সংশোধনীগুলো মূলত দুই দেশের মধ্যকার ‘অভিন্ন বোঝাপড়ার’ প্রতিফলন।
জয়সওয়াল বলেন, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তির বিষয়ে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল, সেটিই আমাদের মূল ভিত্তি। এখন উভয় পক্ষ এই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করবে।








