কী, কেন, কীভাবে

সেনাবাহিনীতে আমূল পরিবর্তন আনছে ভারত, কেন এটি গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ১৮:২২আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৯:২০

স্থল, নৌ ও বিমানবাহিনীকে একক অপারেশনাল কমান্ডারের অধীনে এনে একীভূত সামরিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। এই পরিকল্পনার আওতায় ভৌগোলিক থিয়েটার অনুযায়ী তিনটি নতুন ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড (আইটিসি) গঠন করা হতে পারে। সামরিক বাহিনীর যৌথ কার্যক্ষমতা, রসদ সরবরাহ (লজিস্টিকস), কৌশলগত পরিকল্পনা ও যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, চীন ও পাকিস্তানের কাছ থেকে আসা ক্রমবর্ধমান এবং জটিল বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক বাহিনীর এই বৃহত্তর যৌথতা অপরিহার্য। আইটিসি মডেলটি বাহিনীভিত্তিক আলাদা পরিকল্পনার পরিবর্তে একটি সমন্বিত অপারেশনাল কমান্ড তৈরি করবে। এর ফলে স্থল, আকাশ ও সামুদ্রিক সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগিয়ে যেকোনও পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

কেমন হবে থিয়েটার কমান্ডের কাঠামো?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সূত্রের বরাতে দাবি করা হয়েছে, নর্দার্ন (উত্তর), ওয়েস্টার্ন (পশ্চিম) এবং মেরিটাইম (সামুদ্রিক) থিয়েটার কমান্ড নামে তিনটি কমান্ড তৈরি করা হবে। এগুলো যথাক্রমে চীন, পাকিস্তান এবং ভারত মহাসাগর অঞ্চলের ওপর দৃষ্টি নিবদ্ধ করবে। প্রতিটি কমান্ডের নেতৃত্বে একজন করে ফোর-স্টার (চার তারকা) কর্মকর্তা থাকবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে বর্তমান বাহিনী প্রধানদের সমমর্যাদার ভাইস চিফ অব ডিফেন্স স্টাফ (ভাইস সিডিএস)-সহ নতুন চারটি পদ তৈরি করা হবে। তবে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক থিয়েটার কমান্ডাররা থ্রি-স্টার (তিন তারকা) কর্মকর্তা হতে পারেন, যারা ভাইস সিডিএস-এর মাধ্যমে রিপোর্ট করবেন।

ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান গত মে মাসে দায়িত্ব ছাড়ার আগে এই বিষয়ের চূড়ান্ত খসড়া প্রস্তাব জমা দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিডিএস জেনারেল এনএস রাজা সুব্রামানি সব অংশীজন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সামনে এই প্রস্তাবের একটি বিস্তারিত উপস্থাপনা পেশ করবেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই কমান্ডগুলোর সদর দফতর লখনউ, জয়পুর এবং তিরুবনন্তপুরমে অবস্থিত হতে পারে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।

দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার

যৌথতা ও থিয়েটারাইজেশন (কমান্ড একীকরণ) নিয়ে ভারতে বহু বছর ধরে আলোচনা চলছে। ১৯৯৯ সালের কারগিল সংঘাতের পর সশস্ত্র বাহিনীর মধ্যে বৃহত্তর একীকরণের আহ্বান জানিয়ে কারগিল রিভিউ কমিটি যে সুপারিশগুলো করেছিল, এটি ছিল তার অন্যতম। পরবর্তীতে নরেশ চন্দ্র টাস্কফোর্স এবং শেকাটকর কমিটিও এই ধারণাকে সমর্থন করে। গত মে মাসে নয়াদিল্লির ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশনে মেজর জেনারেল সমীর সিনহা মেমোরিয়াল লেকচারে সাবেক সিডিএস জেনারেল চৌহান বলেছিলেন, আইটিসি-সংক্রান্ত তিন সেট সুপারিশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জমা দেওয়া হয়েছে। স্থল, নৌ ও বিমানবাহিনীর মধ্যে আলোচনা শেষ হয়েছে এবং প্রস্তাবটি এখন সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে।

কবে নাগাদ কার্যকর হবে এই কমান্ড?

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)-সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের প্রয়োজন হবে। তবে ভারত সরকার এখনও প্রস্তাবিত ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ডের চূড়ান্ত কাঠামো, অবস্থান বা কমান্ডের পদমর্যাদার স্তর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সিসিএস কেউই এখনও চূড়ান্ত অনুমোদন বা বাস্তবায়নের কোনও তারিখ ঘোষণা করেনি। কমান্ডের পদমর্যাদার বিষয়টিও এখনও আলোচনাধীন রয়েছে।

ভারতের বর্তমান কমান্ড কাঠামো

বর্তমানে ভারতের তিন বাহিনী আলাদাভাবে ১৭টি একক কমান্ড পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর সাতটি কমান্ড, বিমানবাহিনীর সাতটি কমান্ড এবং নৌবাহিনীর তিনটি কমান্ড। এর বাইরে আন্দামান ও নিকোবর কমান্ড (এএনসি) এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) নামে দুটি যৌথ (ট্রাই-সার্ভিস) কমান্ড চালু রয়েছে। এগুলোকে একীভূত করে সমন্বিত থিয়েটারে রূপান্তর করা হবে ভারতীয় সশস্ত্র বাহিনীর ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রাতিষ্ঠানিক সংস্কার।

উদ্বেগ ও সীমাবদ্ধতা

সাবেক সিডিএস জেনারেল চৌহান প্রকাশ্যেই জানিয়েছিলেন, তিন বাহিনীর মধ্যে এ বিষয়ে বহুলাংশে সম্মতি অর্জিত হয়েছে, তবে চূড়ান্ত কাঠামোর বিবরণগুলো এখনও পরিমার্জন করা হচ্ছে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) তাদের সীমিত আকাশ সক্ষমতা স্থায়ীভাবে নির্দিষ্ট ভৌগোলিক থিয়েটারে বরাদ্দ দেওয়ার চেয়ে কেন্দ্রীয়ভাবে পরিচালনা করার পক্ষে মত দিয়েছে। কারণ বিমানবাহিনীর অনুমোদিত ৪২টি ফাইটার স্কোয়াড্রনের বিপরীতে বর্তমানে সাকুল্যে প্রায় ৩১টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে।

আইনি ভিত্তি সম্পন্ন

গত ২০২৫ সালের ২৭ মে সরকারের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশনস (কমান্ড, কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন) অ্যাক্ট, ২০২৩ সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। এই আইনটি আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট বা এয়ার ফোর্স অ্যাক্ট সংশোধন না করেই, বিজ্ঞাপিত ইন্টার-সার্ভিস সংস্থাগুলোর কমান্ডারদের তিন বাহিনীর সব কর্মকর্তার ওপর প্রশাসনিক ও শৃঙ্খলামূলক কর্তৃত্ব প্রয়োগের ক্ষমতা দেয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংস্কারটি বৃহত্তর যৌথ কার্যপরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি।

যৌথ প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা

বিদায় নেওয়ার আগে জেনারেল চৌহান জানিয়েছিলেন, একটি তিন বাহিনীর যৌথ অপারেশন সেন্টার (জেওসি) চালু হওয়ার অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি ডিফেন্স জিওস্পেশাল এজেন্সি (ডিজিএ) এবং ডিফেন্স কমিউনিকেশন এজেন্সি (ডিসিএ) প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। থিয়েটার কমান্ডগুলো চূড়ান্ত অনুমোদন পাক বা না পাক, এই সংস্থাগুলো মূলত সমন্বিত পরিকল্পনা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং অপারেশনাল সমন্বয়কে শক্তিশালী করবে। তিন বাহিনীর মধ্যে রসদ সরবরাহের সমন্বয় বাড়াতে ইতোমধ্যে মুম্বাই, গুয়াহাটি এবং পোর্ট ব্লেয়ারে যৌথ লজিস্টিক নোড (জেএলএন) স্থাপন করা হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ক্ষমতায় বসানোর কয়েক মাস পরই কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেপালি জেন-জি
কবর পুনরায় ব্যবহারের অনুমতি দিলো দিল্লির আদালত
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সর্বশেষ খবর
বৃষ্টি কবে শেষ হবে?
বৃষ্টি কবে শেষ হবে?
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা, তীব্র ক্ষোভ ও সমালোচনা 
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা, তীব্র ক্ষোভ ও সমালোচনা 
সময় কম? এক বসায় পড়ে ফেলুন এই ২০টি বই
সময় কম? এক বসায় পড়ে ফেলুন এই ২০টি বই
১৬২ কোটিতে ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করেছে সরকার 
১৬২ কোটিতে ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করেছে সরকার 
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু