প্রেমিকার দেওয়া ৩ হাজার ৪০০টিরও বেশি ‘চুমুর ছাপে’ সাজানো একটি সাদা রঙের সুইফট গাড়ি রাস্তায় বের করে শেষ পর্যন্ত বিপাকে পড়েছেন ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা আদিত্য শিকারওয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়িটির ছবি ছড়িয়ে পড়ার দুই দিন পর পুলিশ চালককে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করার পাশাপাশি দাগগুলো মুছে গাড়িটি পরিষ্কারের নির্দেশ দিয়েছে।
গাড়িটির মালিক আদিত্য সাংবাদিকদের জানান, একটি বিদেশি ট্রেন্ড অনুসরণ করে তার প্রেমিকা গাড়িটি এভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, ১৯৮৮ সালের মোটরযান আইনের আওতায় আদিত্যকে এই জরিমানা করা হয়েছে।
মোটরযান আইনের ৫২ নম্বর ধারায় যানবাহনের পরিবর্তনের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। যেখানে পরিবর্তন বলতে বোঝানো হয়েছে ‘গাড়ির মৌলিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এমন অবকাঠামোগত রদবদল’। ১ নম্বর উপধারা অনুযায়ী, ‘কোনও গাড়ির মালিক রেজিস্ট্রি সার্টিফিকেটে প্রস্তুতকারক কর্তৃক দেওয়া মূল তথ্যের বাইরে পরিবর্তন আনতে পারবেন না।’
রাস্তায় গাড়ি চালাতে হলে স্থানীয় আরটিও থেকে গাড়ির নম্বর, রং ও ইঞ্জিন নম্বরসংবলিত আরসি সংগ্রহ করা বাধ্যতামূলক এবং অনুমতি ও নথিপত্র আপডেট না করে রঙে বা গঠনে পরিবর্তন নিষিদ্ধ।
তবে কিছু ব্যতিক্রমী ছাড় রয়েছে; যেমন নির্ধারিত শর্তে ব্যাটারি, সিএনজি বা সৌরশক্তির ব্যবহারের জন্য ইঞ্জিন বা এর অংশ বিশেষ রূপান্তর করা যায়। এছাড়া যেকোনও পরিবর্তনের ক্ষেত্রে ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য ও নির্ধারিত ফিসহ আরসি জমা দিতে হয়।
মোটরযান আইনের ১৮২এ(৪) ধারা অনুযায়ী, অনিয়ম বা নির্দেশিকা না মেনে গাড়িতে পরিবর্তন আনলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫ হাজার রুপি জরিমানার বিধান রয়েছে। এছাড়া ১৭৭ নম্বর ধারায় সুনির্দিষ্ট জরিমানা উল্লেখ না থাকা আইন লঙ্ঘনের জন্য প্রথম অপরাধে ৫০০ রুপি জরিমানা ধার্য করা হয়। ফলে সব মিলিয়ে আদিত্যকে মোট ৫ হাজার ৫০০ রুপি জরিমানা গুনতে হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ







