ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবসায়িক বার্তার মূল্যে পরিবর্তন আনছে মেটা। আগামী ১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে কিছু কিছু বার্তার জন্য টাকা দিতে হবে, যেগুলো এতদিন বিনা মূল্যে পাঠানো যেত।
বর্তমানে কোনও গ্রাহককে বার্তা পাঠানোর পর ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে উত্তর দিতে পারে। একই সময়ের মধ্যে অর্ডার নিশ্চিতকরণ ও ডেলিভারি আপডেটের মতো বার্তাও বিনামূল্যে পাঠানো যায়। তবে ১ অক্টোবর থেকে ২৪ ঘণ্টার এই সময়সীমার মধ্যেও ইউটিলিটি মেসেজের জন্য অর্থ নেবে মেটা।
অর্ডার কনফার্মেশন ও ডেলিভারি আপডেটের মতো ইউটিলিটি মেসেজের জন্য ভারতে প্রতি ডেলিভারড মেসেজে ০.১১৫ রুপি চার্জ নির্ধারণ করেছে মেটা। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি (ট্যাক্স) যোগ হলে প্রতি বার্তার খরচ হবে প্রায় ০.১৩৬ রুপি। অর্থাৎ ১ হাজার অর্ডার আপডেট পাঠালে জিএসটি ছাড়া খরচ হবে ১১৫ রুপি, আর জিএসটিসহ প্রায় ১৩৫.৭০ রুপি।
তবে গ্রাহকের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রথম ১ হাজার সার্ভিস মেসেজ প্রতি মাসে প্রতিটি ব্যবসায়িক ফোন নম্বরের জন্য বিনামূল্যে থাকবে। এরপর অতিরিক্ত বার্তার জন্য অর্থ দিতে হবে। যেমন, কোনও ব্যবসা প্রতিষ্ঠান এক মাসে ১ হাজার ৫০০ সার্ভিস রিপ্লাই পাঠালে প্রথম ১ হাজারের জন্য কোনও টাকা দিতে হবে না। বাকি ৫০০ বার্তার জন্য ০.১১৫ রুপি হারে টাকা দিতে হবে।
২৪ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর পাঠানো ইউটিলিটি মেসেজগুলো আগে থেকেই চার্জযোগ্য ছিল। এ নিয়মে কোনও পরিবর্তন আসছে না।
বার্তার ধরন অনুযায়ী খরচও ভিন্ন হবে। মেটার তালিকা অনুযায়ী, প্রচারণামূলক অফার ও বিক্রয়সংক্রান্ত ঘোষণার মতো মার্কেটিং মেসেজের জন্য প্রতি বার্তায় ০.৮৬৩১ রুপি এবং ওয়ান-টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মতো অথেনটিকেশন মেসেজের জন্য ০.১১৫ রুপি চার্জ নির্ধারণ করা হয়েছে। এসব হার জিএসটি ছাড়া।
তবে সব ব্যবসায়িক বার্তার জন্য অর্থ দিতে হবে না। গ্রাহকরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে বার্তা পাঠাতে পারবেন এবং এসব বার্তা গ্রহণের জন্যও তাদের কোনও অর্থ দিতে হবে না।
এ ছাড়া ফেসবুক পেজের কল-টু-অ্যাকশন বাটন বা ক্লিক-টু-হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের মাধ্যমে কোনও ব্যবসা প্রতিষ্ঠান বার্তা পেলে বিদ্যমান ৭২ ঘণ্টার ফ্রি উইন্ডো বহাল রাখছে মেটা। এই তিন দিনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেসেজিং চার্জ ছাড়াই গ্রাহকদের বার্তা পাঠাতে পারবে। তবে পরিবর্তনটি শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না: চীন