সব মসজিদে একই খুতবার প্রস্তাব, কাশ্মীরে সরকারি হস্তক্ষেপে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১৮:২৩ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:২৩

ভারতের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে অঞ্চলটির সব মসজিদে শুক্রবারের জুমার নামাজে একই খুতবা দেওয়ার প্রস্তাব ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাশ্মীরের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা অভিযোগ তুলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে ভারতের কেন্দ্র সরকার মুসলিমদের ধর্মীয় স্থানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন দরখশান আন্দ্রাবি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন স্থানীয় নেত্রী। ২০১৯ সালে মোদি সরকার অঞ্চলটির বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে একে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। ইসলামিক আইন অনুযায়ী মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দেখাশোনার দায়িত্বে থাকা এই বোর্ডটি গত সপ্তাহে অভিন্ন খুতবার সিদ্ধান্ত ঘোষণা করার পরই ধর্মীয় ও রাজনৈতিক মহলে প্রতিবাদের ঝড় ওঠে। কাশ্মীরের শীর্ষ ধর্মীয় পণ্ডিতরা এই প্রস্তাবকে ‘কাশ্মীরি মুসলিমদের ধর্মীয় বিষয়ে দায়িত্বজ্ঞানহীন হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।

বিতর্কের মুখে প্রস্তাবের পক্ষে সাফাই গেয়ে দরখশান আন্দ্রাবি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, মাদকের প্রাদুর্ভাব ও সামাজিক নানা ব্যাধি মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। তিনি আরও জানান, জুমার খুতবা অনুমোদনের ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের অধীনস্থ একটি কমিটিতে কেবল ধর্মীয় পণ্ডিতরাই থাকবেন, সরকারের কোনও কর্মকর্তার ভূমিকা থাকবে না।

তবে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কাশ্মীরের আলেম সমাজ। রবিবার ওয়াকফ বোর্ড প্রায় ১ হাজার ৫০০ আলেম একটি বৈঠকে আহ্বান জানায়। পাহাড়ি রাজৌরি জেলা থেকে ভার্চ্যুয়ালি ওই বৈঠকে অংশ নেওয়া এক আলেম বলেন, দরখশান আন্দ্রাবি নির্দেশ দিয়েছেন যে জুমার দিন মিম্বর থেকে কেবল একটি অনুমোদিত খুতবা পাঠ করতে হবে। তবে সেই কমিটিতে কারা থাকবেন, তা স্পষ্ট করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই আলেম বলেন, আমরা যখন আপত্তি জানিয়ে বললাম যে এই নির্দেশিকা ইসলামিক শিক্ষার পরিপন্থি হলে তা মানা হবে না, তখন তিনি আমাদের উদ্বেগ উড়িয়ে দেন এবং কথা বলতে দেননি। তিনি জানান, চার বছরের আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াকফ বোর্ডের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন অঞ্চলের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী নাঈম আখতার। তিনি বলেন, মধ্যযুগে কোনও সুলতান বা খলিফার নামে কেন্দ্রীয় খুতবা চালু ছিল। সেটার ধর্মীয় পবিত্রতা ছিল, কারণ তখন কাশ্মীর একটি ইসলামিক রাষ্ট্র ছিল। কিন্তু আজ আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করছি।

তিনি প্রশ্ন তুলে বলেন, ওয়াকফ বোর্ডের কাজ কেবল প্রশাসনিক ব্যবস্থাপনা। আলেমদের শেখানো তাদের কাজ নয়। ভারতের কোনও মুসলিম রাজনৈতিক দল কি হিন্দু পুরোহিত বা খ্রিষ্টান যাজকদের তাদের ধর্মীয় আচার ও খুতবা দেওয়ার নিয়ম নির্ধারণ করে দিতে পারে?

একইভাবে কাশ্মীরের শীর্ষ ধর্মীয় নেতা মীরওয়াইজ উমর ফারুক এটিকে ‘সরাসরি হস্তক্ষেপ’ বলে সতর্ক করেছেন। তার নেতৃত্বাধীন আলেমদের যৌথ প্ল্যাটফর্ম ‘ত্তাহিদা মজলিস-ই-উলেমা জানিয়েছে, খুতবার বিষয়বস্তু নির্ধারণের দায়িত্ব ইসলামি পণ্ডিতদের, কোনও প্রশাসনিক বোর্ডের নয়। এমনকি অঞ্চলটির নির্বাচিত মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাহও এই প্রস্তাবের নিন্দা জানিয়েছেন।

চারপাশে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে ওয়াকফ বোর্ড প্রধান দরখশান আন্দ্রাবি তার বক্তব্য থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, আত্মহত্যা, মানসিক চাপ ও মাদকাসক্তির মতো সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলার বিষয়টি স্বাধীন আলেম ও খতিবদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিজেপি নেতৃত্বাধীন প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর এটি নিয়ন্ত্রণ আরোপের প্রথম চেষ্টা নয়। এর আগে ২০২২ সালে দরগা ও মাজারে স্বেচ্ছায় দেওয়া নজর-নিয়াজের অর্থ নেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য নিষিদ্ধ করে ওয়াকফ বোর্ড নিজস্ব দানবাক্স স্থাপন করে। চলতি বছরের জানুয়ারিতেও পুলিশকে দিয়ে পুরো কাশ্মীরের মসজিদগুলোর ইমাম ও খতিবদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ফর্ম বিতরণ করা হয়েছিল।

কাশ্মীরি রাজনৈতিক বিজ্ঞানী ও ইতিহাসবিদ নূর আহমেদ বাবা বলেন, বর্তমান সরকারের ধরন এবং মুসলিমদের প্রতি তাদের রাজনীতির কারণেই পুরো প্রক্রিয়াটিকে সন্দেহজনক করে তুলেছে। অন্যদিকে চার দশক ধরে কাশ্মীরের সংঘাত নিয়ে কাজ করা শ্রীনগরের এক রাজনৈতিক বিশ্লেষক জানান, ভারতে ক্রমবর্ধমান হিন্দু জাতীয়তাবাদের মধ্যে কাশ্মীরে যেন সম্ভাব্য প্রতিবাদ আগেভাগেই ঠেকানো যায়, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই মসজিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
সর্বশেষ খবর
মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
নতুন আইফোন আসল নাকি নকল? চেনার সহজ কৌশল জানুন
নতুন আইফোন আসল নাকি নকল? চেনার সহজ কৌশল জানুন
লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার
লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার
সেদ্ধ, পোচ নাকি অমলেট ডিমের কোন পদে বেশি পুষ্টি?
সেদ্ধ, পোচ নাকি অমলেট ডিমের কোন পদে বেশি পুষ্টি?
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে