বিতর্কিত এক সন্তান নীতি বাতিল করেছে চীন। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে দুই সন্তান নিতে পারবেন দেশটির দম্পতিরা। সোমবার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
রবিবার চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যাডিং কমিটিতে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত নতুন এ আইন পাস হয়। এর আগে নতুন এ আইনের পক্ষে সম্মতি দেয় দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি অব চায়না।
গত সাড়ে তিন দশক ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে এক সন্তান নীতি প্রচলিত ছিল। এই নীতির ফলে জনসংখ্যা প্রায় ৪০ কোটি কম রাখতে পারলেও এর নেতিবাচক প্রভাবও ছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা গেলেও বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে শ্রমিকের ব্যাপক অভাব দেখা দিয়েছে।
চীনে এক সন্তান নীতি বাতিলের এই আইন অবশ্য প্রত্যাশিত ছিল। কারণ গত অক্টোবরে দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা দুই সন্তান নীতির পক্ষে অবস্থান ব্যক্ত করেন। সে সময় তারা বলেছিলেন, ভারসাম্যপূর্ণ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি করতে চীন জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি বজায় রাখবে এবং এর কৌশলকে আরও উন্নত করবে।
উল্লেখ্য, চীনে বয়স্ক জনসংখ্যা একটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি মোকাবেলায় ১৯৭৮ থেকে ১৯৮০ সালের মধ্যে দেশটিতে এক সন্তান নীতি বাস্তবায়ন করা হয়। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।
/এমপি/








