নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে চীনের ৪২ সেনা নিহত হয়। ওই সংঘাতে চার সেনা নিহত হয় বলে স্বীকার করে চীন। সামাজিক যোগাযোগমাধ্যম গবেষকদের একটি গ্রুপের প্রতিবেদন উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য ক্লাক্সন নতুন এই তথ্য জানিয়েছে।
এক বছরের বেশি সময় তদন্তের পর তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ১৫-১৬ জুনের সংঘাতের সময় দ্রুত-প্রবহমান গালওয়ান নদী পাড়ি দিতে গিয়ে অন্তত ৩৮ সেনা নিহত হয়। সেনা সদস্যরা তীব্র ঠান্ডায় অন্ধকারের মধ্যে নদী পাড়ি দিচ্ছিলো।
‘গালওয়ান ডিকোডেড’ নামের প্রতিবেদনে বলা হয়েছে, চীন যে চার সেনার মৃত্যুর কথা স্বীকার করে তার মধ্যে মাত্র একজন জুনিয়র সার্জেন্ট ওয়াং জোওরান পানিতে ডুবে মারা যায়।
প্রতিবেদনে ‘বেশ কয়েকজন উইবু (চীনা সামাজিক যোগাযোগমাধ্যম) ব্যবহারকারীকে’ উদ্ধৃত করা হয়েছে। আর বলা হয়েছে ওই রাতে অন্তত ৩৮ পিএলএ (চীনের সেনাবাহিনীর আনুষ্ঠানিক নাম) সেনা নিহত হয়... এর মধ্যে সরকারিভাবে ঘোষিত চার জন নিহতের মধ্যে কেবল ওয়াং ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর সেনা সদস্যদের মরদেহ প্রথমে শিকায়েনহে স্মৃতি সৌধে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় শহরে সেনা সদস্যদের শেষকৃত্য সম্পন্ন হয়।








