ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আরও বেশ কিছু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে একটি রেল লাইনে বিপরীতে দিক থেকে আসা দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। দক্ষিণ ইতালির উপকূলীয় শহর বারি অ্যান্ড বারলেত্তাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা যায়নি।
লা রিপাবলিকা জানায়, আন্দ্রিয়াতে জরুরী সেবার লোকজন পৌঁছেছেন। তারা আহত ও আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন। একটি শিশুকে উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবিসি নিহতের সংখ্যা ১০জন বলে জানিয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ব্রিগেডের কমান্ডার রাই টিভিকে বলেছেন, আমার মনে হয় অনেকেই মারা গেছেন। বেশ কিছু বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট।
/এএ/








