বেলজিয়ামে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বেলজিয়াম ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় সূত্রে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
প্রসিকিউটর বলেন, 'বেলজিয়ামের কোনো জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের একজন কিছুদিন গ্রেফতার হওয়া আরেক সন্দেহভাজনের ভাই।
প্রসিকিউটর জানান, সন্দেহভাজনদের গ্রেফতার করতে লিজ এবং মনস শহরের সাতটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অবশ্য বেলজিয়ামের ব্রাসেলসে ২২ মার্চের জাতীয় বিমানবন্দর ও মেট্রো স্টেশনে চালানো সন্ত্রাসী হামলার সঙ্গে এখন পর্যন্ত কোনও যোগসূত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন প্রসিকিউটর।
ফ্রান্সের নিস শহরে ট্রাক চাপায় জঙ্গি হামলার পর ইউরোপের দেশগুলো তাদের আভ্যন্তরীন নিরাপত্তা জোরদার করেছে। বেলজিয়াম ২২ মার্চের হামলার পর থেকে সতর্কাবস্থায় রয়েছে। হামলার পর থেকে বেশ কয়েক জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ফ্রান্সের প্যারিসে বিনোদন কেন্দ্রে হামলার পরও সতর্কতা জারি করেছিল বেলজিয়াম। প্যারিস হামলার অন্যতম হোতা আব্দেসলামকে বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দাদের ধারণা, ইউরোপে বেলজিয়ামকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সূত্র: আইএস।
/এএ/








