কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও স্পেন কর্তৃক বহিষ্কৃত প্রেসিডেন্ট কার্লেস পুইজমেন্ট জানিয়েছেন রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য তিনি বেলজিয়াম যাননি। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পুইজমেন্ট জানান, বিচার এড়াতে তিনি পালানোর চেষ্টা করছেন না। কিন্তু তিনি মুক্তভাবে কথা বলতে চান।
সংবাদ সম্মেলনে কাতালোনিয়ার নেতা জানান, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আগাম নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন। তবে ঠিক কতদিন তিনি বেলজিয়ামে অবস্থান করবেন তা স্পষ্ট করেননি। পুইজমেন্ট বলেছেন, স্পেন সরকার নিশ্চয়তা দিলে তিনি বেলজিয়াম থেকে ফিরবেন।
পুইজমেন্ট জানান, স্পেনের প্রসিকিউটর তার ও তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলায় ৩০ বছর কারাগারে প্রেরণের পদক্ষেপকে কেন্দ্রীয় সরকারের আগ্রাসন।
উল্লেখ্য, শুক্রবার (২৭ অক্টোবর) কাতালোনিয়ায় স্বাধীনতা ঘোষণা করার পক্ষে আঞ্চলিক পার্লামেন্টের রায় আসার পর পরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালোনিয়ার আঞ্চলিক সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে পুইজমেন্টের নেতৃত্বাধীন সরকারকে বরখাস্ত করেন। সোমবার কাতালোনিয়ার সরাসরি নিয়ন্ত্রণ নেয় স্পেন সরকার। পুইজমেন্টসহ কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনেন স্পেনের প্রধান প্রসিকিউটর। সূত্র: বিবিসি।








