সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে পৌঁছেই নতুন বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার প্রথমবারের মতো এই সম্মেলনে উপস্থিত হয়ে ধনী ও অভিজাতদের ম্যাক্রোঁ বলেন, ‘বিনিয়োগ, বণ্টন ও সুরক্ষা এই নীতিতে ব্যবসা পরিচালনা করা প্রয়োজন।’
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে স্পেনের রাজা ফিলিপ, আন্তর্জাতিক মনেটারি ফান্ডের প্রধান ক্রিস্টিন লাগার্দ ও টোটাল এসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক পুইয়ান্নের মতো অভিজাত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ম্যাক্রোঁ বলেন, ‘বৈশ্বিক পুঁজিবাদের এই সময়ে নতুন পরিকল্পনার সময় এসেছে। আর এর কাঠামো হবে সহযোগিতা ও জোটবদ্ধতা। দীর্ঘমেয়াদে এই কাঠামোই আমাদের কাজে আসবে।’
দাভোসে ম্যাক্রোঁর এই বক্তব্যকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানানো হয়। যদিও ফ্রান্সে তাকে ‘ধনীদের প্রেসিডেন্ট’ বলে সমালোচনা করা হয়। কারণ তার প্রণয়ন করা কিছু নীতিতে শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন।
গুগল, ফেসবুক, অ্যাপল ও অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কর আদায় করতে চান ম্যাক্রোঁ। তিনি বলেন, তাদের কর কৌশলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।








