বেলজিয়ামের কোম্পানি জ্যানসেন উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর। শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনটির একটি ডোজ প্রয়োগে এই কার্যকারিতা প্রমাণিত হয়েছে। যার ফলে দুটি ডোজের তুলনায় একটি ডোজের ভ্যাকসিন দিয়ে টিকা কর্মসূচি বাস্তবায়ন বেশ সহজ হবে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জনসন অ্যান্ড জনসনের মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি জ্যানসেন। কোম্পানিটি এখনও পরীক্ষা চালিয়ে দেখছে যে তাদের টিকার দুটি ডোজ দেওয়া হলে কার্যকারিতা আরও বাড়ে কিনা কিংবা দীর্ঘমেয়াদি সুরক্ষা পাওয়া যাবে কিনা।
কোম্পানিটি আরও জানিয়েছে, ভ্যাকসিনের একটি ডোজ গুরুতর আক্রান্ত ৮৫ শতাংশকে সুরক্ষা দিয়েছে। অবশ্য দক্ষিণ আফ্রিকায় এটির কার্যকারিতা ৫৭ শতাংশ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে উঠে এসেছে।
জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পল স্টোফেলস বলেন, কোভিডের গুরুতর প্রভাব থেকে কয়েক লাখ মানুষকে সম্ভাব্য সুরক্ষা দিতে পারে এই ভ্যাকসিন।
খবরে বলা হয়েছে, নোভাভ্যাক্স তাদের উদ্ভাবিত ভ্যাকসিন ৮৯ শতাংশ কার্যকর বলে দাবি করার অল্প সময়ের মধ্যে জ্যানসেন এই ঘোষণা দিলো। যুক্তরাজ্য এরইমধ্যে এই ভ্যাকসিনের ৩ কোটি ডোজ অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। এই বছরে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
জ্যানসেনের ভ্যাকসিনে সাধারণ ঠান্ডার ভাইরাস ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিরীহ করা হয়েছে, যাতে কোনও ক্ষতি না হয়।









