সরবরাহ ঘাটতি নিয়ে ওষুধ কোম্পানির সঙ্গে চলমান বিরোধের মধ্যে ভ্যাকসিন রফতানিতে নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ইউরোপীয় কমিশন জানিয়েছে, তাদের ব্লকে উৎপাদিত ভ্যাকসিন রফতানিতে এই নিয়ন্ত্রণ কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ভ্যাকসিন সরবরাহ নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছে ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা ও ইইউ। ভ্যাকসিন সরবরাহের মন্থর গতি নিয়ে চাপের মুখে রয়েছে ব্লকটি।
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নকে এই বছরের প্রথমার্ধে ৬০ শতাংশ কম ভ্যাকসিন সরবরাহ করবে তারা। মার্চ মাসের শেষ নাগাদ ২৭টি দেশের এই অঞ্চলকে আট কোটি ডোজ টিকা সরবরাহের কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে উৎপাদন ঘাটতির ফলে এখন আপাতত তিন কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে ব্লকটি। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, অক্সফোর্ডের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি প্রকাশ করেছে ইউরোপীয়ান কমিশন। গত আগস্টে চুক্তিটি স্বাক্ষর হয়।
ভ্যাকসিন রফতানিতে নিয়ন্ত্রণ আরোপের কথা নিশ্চিত করে ইউরোপীয় কমিশন বলেছে, আমাদের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। যে সংকট আমরা মোকাবিলা করছি পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের কোনও পথ নেই।
রফতানিতে নিয়ন্ত্রণ আরোপের দিনেই ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে।
রফতানি নিয়ন্ত্রণের বিষয়টি ব্যাখ্যা দিয়ে ইইউ’র স্বাস্থ্য কমিশনার স্টেলা কিরিয়াকাইডস এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সব নাগরিকদের জন্য ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে করে সব পক্ষ আইন মেনে চলে।
তিনি বলেন, এই পদক্ষেপ বিশ্বাস, স্বচ্ছতা ও দায়িত্বের উপর প্রতিষ্ঠিত। প্রতিশ্রুতি রক্ষা করা প্রয়োজন এবং চুক্তি হলো বাধ্যবাধকতা। অগ্রিম ক্রয় চুক্তিকে শ্রদ্ধা করা উচিত।
স্বাস্থ্য কমিশনার আরও বলেন, আজ আমরা এমন একটা ব্যবস্থার প্রচলন করেছি যাতে আমরা জানতে পারব ইইউ থেকে কোনও ভ্যাকসিন রফতানি করা হচ্ছে কিনা।









