করোনা মহামারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ। এমন মন্তব্য করেছেন মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের শ্রমমন্ত্রী জানা মালাকোভা। রবিবার এক টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
মহামারির ফলে ২০২০ সালের মার্চ থেকে দেশটির স্কুল, রেস্তোঁরা, সিনেমা হল, থিয়েটার এবং বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। রবিবার স্কুলগুলো পুনরায় চালুর পক্ষে যুক্তি দেখাতে গিয়ে শ্রমমন্ত্রী জানা মালাকোভা বলেন, এই মহামারির প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে খারাপ।
তার ভাষায়, ‘এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধও কোভিডের মতো এতোটা সমস্যা তৈরি করেনি। শিশুরা স্কুলে গিয়েছিল।’
চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা এক কোটি সাত লাখের কিছু বেশি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৩৪ হাজার ৯৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।









