নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে লকডাউন জারি করা হয়েছে। সেখানকার দুই রোগীর ভাইরাসের জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে এই ভাইরাসগুলো যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া বি১১৭ ভ্যারিয়েন্ট। নিউ জিল্যান্ডে এই প্রথমবারের মতো নতুন ধরনের ভাইরাস পাওয়া গেছে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নিউ জিল্যান্ডের অকল্যান্ডের একটি পরিবারের দুই সদস্যের করোনা ভাইরাস পরীক্ষা করে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস পাওয়া যায়। একই পরিবারের তৃতীয় সদস্যও করোনায় আক্রান্ত হলেও তার জিনোম সিকোয়েন্সের ফলাফল এখনও পাওয়া যায়নি।
নতুন ধরনের ভাইরাস শনাক্ত হওয়ার পর অকল্যান্ডে তিন দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। জনসমাগমের ভেন্যু বন্ধের পাশাপাশি বাড়ির বাইরে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিয়ে কিংবা শেষকৃত্যের মতো অনুষ্ঠানেও দশ জনের বেশি একত্রিত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অতিরিক্ত সতর্ক হওয়ার চরম সঠিক সিদ্ধান্ত নিয়েছি কারণ এটা অন্যতম বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট।’
করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় সফলতা পাওয়ার জন্য বিশ্বে প্রশংসিত দেশগুলোর অন্যতম নিউ জিল্যান্ড। এক বছরের বেশি সময় আগে শুরু হওয়া মহামারিতে দেশটিতে মাত্র ২৫ জনের মৃত্যু হয়েছে।








