ভ্যাকসিন সরবরাহ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জটিলতা কাটছেই না। বৃহস্পতিবার ইইউ নেতারা সরবরাহ ঘাটতি পূরণে কোম্পানিটির ভ্যাকসিন রফতানি নিষিদ্ধ না করলেও এমন পদক্ষেপের হুমকি দিয়েছেন। বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ডোজ সরবরাহে ব্যর্থ হলে রফতানি বন্ধের উদ্যোগ নেওয়া হবে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।
প্রাথমিক ব্যর্থতা পেছনে ফেলে নাগরিকদের জন্য আরও দ্রুত করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিচ্ছে ইইউ৷ ন্যায্য বণ্টনের স্বার্থে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির ভ্যাকসিন রফতানি বন্ধ রাখার হুমকি দিয়েছেন ব্লকটির শীর্ষ নেতারা৷
করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিনের অনুমোদন ও কেনার ক্ষেত্রে ঠিক সময়ে যথেষ্ট উদ্যোগ না নেওয়ার অভিযোগে জর্জরিত ইউরোপীয় কমিশন৷ সদস্য দেশগুলোর ভ্যাকসিন কেনা ও বণ্টনের যাবতীয় দায়-দায়িত্ব কমিশনের হাতে ছেড়ে দেওয়ায় সেই চাপ আরও বেড়ে চলেছে৷ যথেষ্ট পরিমাণ ডোজ হাতে না পাওয়ায় টিকাকরণ কর্মসূচি অত্যন্ত ধীর গতিতে চলছে৷ এই জটিলতার মধ্যেই করোনা সংক্রমণের ‘তৃতীয় ঢেউ' ইউরোপে সংকটের মাত্রা বাড়িয়ে দিচ্ছে৷
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে ইইউ শীর্ষ নেতারা পরিস্থিতি পর্যালোচনা করেন৷ তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে করোনা ভ্যাকসিন উৎপাদন আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন৷
চূড়ান্ত চুক্তি, অগ্রিম অর্থ ও প্রতিশ্রুতির পর ভ্যাকসিন সরবরাহে বার বার ব্যর্থ হচ্ছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা৷ ইউরোপে বিপুল পরিমাণ টিকা উৎপাদন হলেও তার সিংহভাগ বাইরে পাঠিয়ে দিচ্ছে৷ অথচ ইউরোপের বাইরে থেকে টিকা আনার কোনও উদ্যোগ দেখাচ্ছে না৷ ইইউ শীর্ষ নেতারা কোম্পানির এমন আচরণের ফলে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে টিকা রফতানির প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিলেন৷ এর আওতায় প্রতিশ্রুতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে যথেষ্ট টিকা সরবরাহ না করলে অ্যাস্ট্রাজেনেকা টিকার রপ্তানি বন্ধ রাখা হবে৷
চুক্তি অনুযায়ী জুন মাসের শেষের মধ্যে এই কোম্পানিকে ৩০ কোটি টিকা সরবরাহ করতে হবে৷ অথচ ইইউ এখন পর্যন্ত মাত্র ১০ কোটি টিকা হাতে পেয়েছে৷
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, কমিশনকে বোঝাতে হবে যে, ইউরোপের নাগরিকরা টিকার ন্যায্য ভাগ পাচ্ছেন৷
টিকা রফতানির উপর নিষেধাজ্ঞার প্রস্তাবকে কেন্দ্র করে ইইউ সামগ্রিকভাবে দোটানায় রয়েছে৷ অনেক নেতা আশা করছেন, যে, হুমকির ফলেই কাজ হবে, বাস্তবে এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর করতে হবে না৷ তা না হলে পালটা নিষেধাজ্ঞা শিল্পজগতের ক্ষতি বয়ে আনতে পারে৷
তবে অ্যাস্ট্রাজেনেকা যেভাবে ব্রিটেনের প্রতি ‘পক্ষপাত' দেখিয়ে একতরফাভাবে সে দেশে টিকা রফতানি করে চলেছে, সেই পথ বন্ধ করার বিষয়ে ঐক্যমত দেখিয়েছেন ইইউ নেতারা৷ ব্রিটেন ইইউ-তে উৎপাদিত দুই কোটি দশ লাখ টিকা পেলেও সে দেশ থেকে একটি টিকাও ইউরোপে না আসার কারণে সেই ক্ষোভ আরও বেড়ে গেছে৷ বুধবার দুই পক্ষই সব নাগরিকের কল্যাণে বিরোধ মেটানোর অঙ্গীকার করেছে৷
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, এবার ভালোমানুষির দিন শেষ৷
চলতি বছরের প্রথম তিন মাসে করোনা টিকার ব্যাপক ঘাটতির পর আগামী তিন মাসে সরবরাহ অনেক বেড়ে যাবে বলে আশা করছে ইইউ৷ বায়োএনটেক-ফাইজার কোম্পানি ২০ কোটি, মডার্নার সাড়ে তিন কোটি এবং জনসন অ্যান্ড জনসন সাড়ে পাঁচ কোটি টিকা সরবরাহের অঙ্গীকার করেছে৷
ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল বলেন, এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ টিকা সরবরাহ বাড়ানো এবং ইইউ সদস্য দেশগুলোতে টিকার ন্যায্য বণ্টন চালিয়ে যাওয়া হবে৷









