ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফোনে কথা হয়েছে দুই নেতার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, দুই নেতা ইউক্রেন সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করা এবং একটি পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
এদিকে মিত্র পুতিনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাশিয়া সফরে যাচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তবে ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই তার এ সফর নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
অন্যদিকে, কিয়েভ ও মস্কোর মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবে ৩ ফেব্রুয়ারি ইউক্রেন সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমরি জেলেনস্কির সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে শান্তি বজায় রাখা এবং উত্তেজনার পারদ যাতে আরও বৃদ্ধি না পায়, সে বিষয়ে বার্তা দেবেন তুর্কি প্রেসিডেন্ট।









