যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরুদ্ধে নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার প্রধান দাবিগুলো উপেক্ষার অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে একইসঙ্গে তিনি বলেছেন, ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে পশ্চিমাদের সঙ্গে আলোচনার দরজা এখনও উন্মুক্ত রেখেছে মস্কো। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি।
পুতিন বলেন, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত না করার যে গ্যারান্টি চাওয়া হয়েছিল সেটি উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। রাশিয়ান সীমান্তের কাছে সমরাস্ত্র মোতায়েন না করা এবং পূর্ব ইউরোপ থেকে তাদের বাহিনী ফিরিয়ে নেওয়ার দাবিও তারা উপেক্ষা করেছে।
পশ্চিমাদের এমন অবস্থানের সমালোচনা করে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ওপর জোর দেন রুশ প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটকে নিরাপত্তা নিশ্চয়তার দাবিতে আলোচনায় বসতে বাধ্য করেছে রাশিয়া। তবে মস্কোর তরফে ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এমন পরিকল্পনা না থাকলে মস্কো যেন ইউক্রেন সংলগ্ন অঞ্চল থেকে সামরিক উপস্থিতি সরিয়ে নেয়।








