লিথুয়ানিয়া থেকে গরুর মাংস, ডেইরি পণ্য এবং বিয়ার কেনা বন্ধ করে দিয়েছে চীন। বাল্টিক দেশটির সঙ্গে তাইওয়ানের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকায় এই পদক্ষেপ নিয়েছে চীনা কর্তৃপক্ষ।
লিথুয়ানিয়ার একটি সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, কাগজপত্রের ঘাটতির কথা উল্লেখ করে চীনের শুল্ক দফতর ওই রফতানি বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি তাইওয়ানকে ডি ফ্যাক্টো দূতাবাস খোলার অনুমতি দিয়েছে লিথুয়ানিয়া। তারপরই এই আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে।
লিথুয়ানিয়া রাষ্ট্রীয় খাদ্য ও গবাদি পশু সেবা বিভাগ জানিয়েছে, তারা এখন পর্যন্ত চীনের কাছ থেকে আনুষ্ঠানিক কোনও তথ্য বা কোন নথি নেই সে বিষয়ে কিছু জানতে পারেনি। সংস্থাটি জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ ২০২০ সালে লিথুনিয়ার গরুর মাংস এবং মৎস্য পণ্য রফতানির ওপর নিরীক্ষা চালায়। ওই নিরীক্ষায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। আর গত বছরের শেষ নাগাদ নির্বিঘ্নে রফতানি চলেছে।
তবে এখন কেন আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাইওয়ান কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
গত বছরের নভেম্বরে তাইওয়ানকে দূতাবাস স্থাপনের অনুমতি দেয় লিথুয়ানিয়া। এরপর থেকেই চীন-লিথুনিয়ার সম্পর্কে অবনতি ঘটে।
লিথুয়ানিয়া ওই দূতাবাসের নাম তাইওয়ানের পরিবর্তে ‘চাইনিজ তাইপে’ রাখা হবে। চীনের বিরুপ মনোভাব এড়াতে অনেক দেশই এই নামে দূতাবাস খোলার অনুমতি দিয়ে থাকে। তবে ওই নামে দূতাবাস খোলার অনুমতি দেওয়ার পরও লিথুনিয়ার সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আপত্তির কথা জানায় চীন।
স্ব-শাসিত গণতান্ত্রিক তাইওয়ান নিজেদের রাষ্ট্র হিসেবে দাবি করলেও বেইজিং এটিকে তাদের অংশ বলে বিবেচনা করে। আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করে রাখতে গত বছর থেকে চাপ আরও জোরালো করেছে চীন।
সূত্র: বিবিসি









