নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে জার্মানি। শনিবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যে কোনও সময় সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে। ফলে জার্মান নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের আহ্বান জানানো হচ্ছে।
এদিকে ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার ‘গুরুতর ভুল’ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জার্মানি। শনিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূ-কৌশলগত মূল্য দিতে হবে।
জার্মান নেতা বলেন, ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর প্রায় লাখখানেক সদস্যকে জড়ো করার কোনও যুক্তি নেই। রাশিয়ার নিরাপত্তা দাবি নিয়ে আলোচনায় পশ্চিমা দুনিয়া প্রস্তুত ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা অযোগ্য দাবি এবং বৈধ নিরাপত্তা স্বার্থের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করবো।









