তুরস্ক সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার দেশটিতে পৌঁছালে রাজধানী আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
দায়িত্ব নেওয়ার পর তুরস্কে এটিই তার প্রথম সরকারি সফর।
সফরের অংশ হিসেবে এরদোয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ওলাফ শলৎস। বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু ছাড়াও ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও দুই নেতা কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা।
তুর্কি প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে দুই নেতার আলাপ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ইউক্রেন পরিস্থিতি এবং তুরস্ক-ইইউ সম্পর্ক নিয়েও তাদের আলোচনা হতে পারে।









