ইউক্রেনকে আরও ১.৫৭ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। চীনা রেড ক্রসের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। সোমবার বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এর আগেও একাধিক দফায় ইউক্রেনকে মানবিক সহায়তা সরবরাহের অঙ্গীকার করেছে চীন। গত ৯ মার্চ কিয়েভকে ৭ লাখ ৯১ হাজার ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেয় বেইজিং। এতে খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।
এদিকে ইউক্রেন যুদ্ধে চীন ইতিহাসের সঠিক বাঁকে রয়েছে বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে উল্লেখ করে ওয়াং ই বলেন, তার দেশ সব সময় শান্তির পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান হলো শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করা। সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা এবং সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং স্থায়ীভাবে আঞ্চলিক নিরাপত্তা গঠন করা। শুধু এভাবেই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অর্জন করা যেতে পারে।









