সম্ভাব্য রুশ হামলা মোকাবিলায় নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা বিবেচনা করছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎজ একথা জানিয়েছেন। তবে কোন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেনার কথা বিবেচনা করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জার্মানি ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে কিনা এমন প্রশ্নের জবাবে ওলাফ শলৎজ পাবলিক সম্প্রচারমাধ্যম এআরডি-কে বলেন, ‘আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছি তার মধ্যে অবশ্যই এই ইস্যু রয়েছে এবং এর ভালো কারণও আছে।’
বর্তমানে জার্মানির কাছে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে দীর্ঘ পাল্লার কোনও কিছু কেনার চিন্তা বার্লিন করছে কিনা জানতে চাইলে শলৎজ বলেন, ‘আমাদের সচেতন থাকা প্রয়োজন যে আমাদের এক প্রতিবেশী আছে যারা তাদের স্বার্থ বাস্তবায়নে সহিংসতা ব্যবহারে প্রস্তুত রয়েছে’।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর নিজেদের প্রতিরক্ষা নীতিতে বদল এনেছে জার্মানি। সেনাবাহিনীর জন্য অতিরিক্ত শত শত কোটি ডলার ব্যয়ের ঘোষণা দেওয়ার পাশাপাশি ন্যাটো জোটের ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নিত করারও প্রতিশ্রুতি দিয়েছে বার্লিন।
সূত্র: বিবিসি









