নিজ দেশের জনগণের জীবন রক্ষায় ন্যাটো দেশগুলোর আরও বেশি অস্ত্র সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সরাসরি বৈঠকের আগে তিনি বলেন, তার এজেন্ডা খুব সাধারণ আর ইউক্রেন আত্মবিশ্বাসী যে রাশিয়াকে হারানোর সবচেয়ে ভালো উপায় আরও বেশি সামরিক সহায়তা।
ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হচ্ছেন দিমিত্রো কুলেবা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাবাহিনীর নতুন অভিযানে কিয়েভকে কিভাবে অস্ত্র সহযোগিতা দেওয়া যায় সেটাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে দিমিত্রো কুলেবা বলেন ‘টেকসই এবং পর্যাপ্ত’ অস্ত্র সরবরাহ ছাড়া ইউক্রেনীয়দের বিজয়ের সঙ্গে থাকবে ‘বিপুল আত্মত্যাগ’। তিনি বলেন, যত শিগরির অস্ত্র সরবরাহ পৌঁছাবে তত বেশি মানুষের জীবন, শহর ও নগর ধ্বংস থেকে বাঁচবে।
ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের তিন শব্দের এজেন্ডার কথা বলেন দিমিত্রো কুলেবা। সেগুলো হচ্ছে, ‘অস্ত্র, অস্ত্র এবং অস্ত্র।’
সূত্র: বিবিসি









