চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বছরের পর বছর সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত আছে ন্যাটো। পাশাপাশি কিয়েভকে সোভিয়েত যুগের অস্ত্র থেকে আধুনিক পশ্চিমা অস্ত্র দিয়ে সহায়তা করা হবে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।
বৃহস্পতিবার স্টলটেনবার্গের এমন মন্তব্যের আগে অবশ্য ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ ইউরোপীয় মহাদেশের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং অস্থিতিশীলতা উসকে দিচ্ছে।
ব্রাসেলসে যুব সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ এই যুদ্ধ আরও কয়েক মাস কিংবা বছরের পর বছর ধরে চলতে পারে।
ন্যাটো প্রধান আরও বলেন, ইউক্রেনে আগ্রাসন বন্ধে পশ্চিমারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছে।
গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন তার বিশাল সশস্ত্র বাহিনীকে। এরপর থেকেই ইউক্রেনের কিয়েভ, মারিউপোল, খারকিভসহ দেশটির ডনবাসে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। একে অবৈধ সামরিক অভিযান অ্যাখ্যা দিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো।
ইউক্রেনে অভিযানের প্রসঙ্গে স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর মিত্ররা দীর্ঘ সময় ধরে ইউক্রেনকে সহায়তার জন্য প্রস্তুত হচ্ছে। অস্ত্র থেকে শুরু করে নানাভাবে সাহায্য করছে। এমনকি প্রশিক্ষণ দিয়েও।
ন্যাটোর সদস্যভুক্ত অধিকাংশ দেশ ইউক্রেনকে এতদিন সোভিয়েত যুগের নির্মিত অস্ত্র দিয়ে সহায়তা করেছে। তবে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে এরই মধ্যে আধুনিক অস্ত্র পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: রয়টার্স।









