ইউক্রেনের গোলাবারুদের একটি বিশাল গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরে অবস্থিত গুদামটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় পূর্ব লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের দুইটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করারও দাবি করেছে মস্কো। এগুলোর একটি এসইউ ২৫ এবং অন্যটি মিগ ২৯।
এদিকে ইউক্রেনের মারিউপোল শহরের অবরুদ্ধ আজভস্টল স্টিল কারখানায় রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই জারি রাখা ইউক্রেনীয় যোদ্ধাদের অবিলম্বে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ‘ইউক্রেনের উচিত মারিউপোলের অবরুদ্ধ আজভস্টল প্ল্যান্টে থাকা নিজেদের যোদ্ধাদের অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া।’









