গ্রিস যাওয়ার পথে তুরস্ক উপকূলে পৃথক দুটি নৌকাডুবিতে অন্তত ৩৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার পৃথক সময়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তুরস্কের আনাদুলু ও ডোগান বার্তা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গ্রিসের লেসবস দ্বীপের নিকটে একটি নৌকাডুবিতে ২২ জনের প্রাণহানি ঘটেছে। আর তুরস্কের ইজমির প্রদেশের ডিকিলির নিকটে পৃথক নৌকাডুবিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। নৌকায় শিশুসহ মোট ২২জন যাত্রী ছিলেন। নৌকাডুবির পর অন্তত চারজনকে উদ্ধার করা হয়েছে।
অভিবাসীদের ইউরোপে প্রবেশ কমিয়ে আনতে আলোচনার জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলো মের্কেলের তুরস্ক সফরের প্রাক্কালে নৌকাডুবিতে এসব অভিবাসীর মৃত্যু হল।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)তথ্য মতে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় অন্তত ৩৭৪ জনের মৃত্যু হয়েছে। গত বছর তুরস্ক থেকে সমুদ্রপথে গ্রিস রুট দিয়ে সবচেয়ে অভিবাসী ইউরোপে প্রবেশ করেছেন।
আইওএম জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ৬৯ হাজার মানুষ গ্রিসে পৌঁছেছেন। গত বছর প্রায় ৮ লাখ ৫৪ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছেছিলেন।
/এএ/








