সুদানে সেনা ও বেসামরিক বাহিনীর লড়াইয়ের মধ্যেই দেশটিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত আইদান ও’হারা নিজের বাসভবনে হামলার শিকার হয়েছেন। তবে এই আইরিশ কূটনীতিক ‘গুরুতরভাবে আহত হননি’ বলে বিষয়টি নিশ্চিত করেছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন। মঙ্গলবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
এমন হামলাকে ‘কূটনীতিকদের সুরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতার চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন মার্টিন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গত তিনদিনে এখন পর্যন্ত ১৮৫ জন নিহত হয়েছেন। আহত হন প্রায় ২ হাজার মানুষ।
রাষ্ট্রদূতের বাসভবনের হামলার ঘটনা মার্টিন বলেন, সুদানে সবচেয়ে কঠিন পরিস্থিতি তিনি ইইউকে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা তার সেবার জন্য কৃতজ্ঞ। দেশটিতে অবলিম্বে সংঘাত বন্ধ করে যুদ্ধবিরতি আহ্বান জানাচ্ছি আমরা।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল টুইট বার্তায় বলেন, কূটনৈতিক জায়গা এবং কর্মীদের নিরাপত্তা দেওয়া সুদানের কর্তৃপক্ষের প্রাথমিক দায়িত্বে।
এ বিষয়ে ইইউ’র মুখপাত্র নাবিলা মাসরালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর ইইউ প্রতিনিধি দলকে খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়নি। কর্মীদের নিরাপত্তাব্যবস্থা মূল্যায়ন করা হচ্ছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার সুদানের যুদ্ধরত পক্ষগুলোকে আবারও অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসলে দেশ ও এই অঞ্চলের জন্য ধ্বংসাত্মক হতে পারে।
সূত্র: বিবিসি









