রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ছেলে তার বাহিনীর হয়ে লড়াই করেছিলেন। তার দাবি অনুসারে, পেসকভের ছেলে তার বাহিনীতে একজন গানার হিসেবে যুক্ত ছিলেন।
আরআইএ ফ্যান সামরিক প্রতিনিধি আলেক্সান্ডার সিমোনভকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে প্রিগোজিন বলেছেন, আমার সব নিয়োগকৃত যোদ্ধাদের মধ্যে একজনের কথা প্রথমবার বলছি। আমি কোনও ভুল করে না থাকলে এক সময় উদারমনা হিসেবে খ্যাতি থাকা দিমিত্রি সের্গেভিচ পেসকভের ছেলে কিছু সময় আমেরিকা বা ইংল্যান্ডে কাটিয়েছেন। আমার কাছে এসে একজন সাধারণ গানার হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধ করেন। হাঁটু পর্যন্ত কাদার মধ্যে উরাগানের (মাল্টিপল রকেট লঞ্চার) একজন সাধারণ গানার হিসেবে তিনি খুব ভালো কাজ করেছেন।
প্রিগোজিন পেসকভের ছেলের নাম উল্লেখ করেননি। তবে রুশ সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে তিনি দিমিত্রি পেসকভের ছেলে নিকোলাই পেসকভের কথাই বলেছেন। পেসকভের ছেলে কবে বা ইউক্রেনে ওয়াগনার গ্রুপের হয়ে লড়াই করেছেন কিনা তা স্পষ্ট করেননি প্রিগোজিন।
প্রভাবশালী রুশ ভাড়াটে বাহিনীটির প্রধান প্রায় সময় অপ্রমাণিত দাবি করে থাকেন। অনেক সময় তিনি ব্যাঙ্গ করেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এই বিষয়ে সিএনএনের পক্ষ থেকে দিমিত্রি পেসকভের মন্তব্য চাইলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও সাড়া পায়নি সংবাদমাধ্যমটি।
১৯৮০’র দশকে চুরি ও রাস্তায় ছিনতাইয়ের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ৯ বছর কারাগারে কাটিয়েছেন প্রিগোজিন। গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে আড়াল থেকে বেরিয়ে হাই প্রোফাইল ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন।









