প্যারিসে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের ইউক্রেনের মতো সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশগুলোর সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ঘটনায় হতাশা প্রকাশ করেছে ফ্রান্স, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শুক্রবার এক সাক্ষাৎকারে ক্রিমিয়া ইউক্রেনের অংশ কি না জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত লু শায়ে বলেছেন, ঐতিহাসিকভাবে অঞ্চলটি ছিল রাশিয়ার অংশ। সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ইউক্রেনকে অঞ্চলটি দিয়েছেন।
তিনি বলেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশগুলোর আন্তর্জাতিক আইনে প্রকৃত মর্যাদা নেই। কারণ তাদের সার্বভৌম মর্যাদা বাস্তবায়িত করার জন্য কোনও আন্তর্জাতিক চুক্তি নেই।
তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্স এই মন্তব্যে প্রভাবিত সব মিত্র দেশের প্রতি ‘পূর্ণ সংহতি’ জানিয়েছে। তারা বলেছে, দেশগুলো দশকের পর দশক ধরে নিপীড়নের পর নিজেদের স্বাধীনতা অর্জন করেছে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বিশেষ করে ইউক্রেনের ক্ষেত্রে ১৯৯১ সালে ক্রিমিয়াসহ দেশটির সীমান্ত চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পেয়েছিল।
মুখপাত্র আরও বলেছেন, চীনা দূতের এই মন্তব্য চীনের অবস্থানের প্রতিফলন কিনা তা বেইজিংকে স্পষ্ট করতে হবে।
বাল্টিক অঞ্চলের তিনটি সাবেক সোভিয়েত দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া ফ্রান্সের মতোই প্রতিক্রিয়া জানিয়েছে।
এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানা যায়নি।









