পারমাণবিক সাবমেরিন ‘ইম্পারেটর আলেক্সান্ডার-থ্রি’ থেকে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আরএসএম-৫৬ বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করার দাবি করেছে দেশটি। রবিবার (০৫ নভেম্বর) এই পরীক্ষার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর উপকূলে শ্বেত সাগরে ডুবন্ত অবস্থায় উৎক্ষেপণ করা হয়েছে। এটি হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চূড়ান্ত ধাপ। এরপরই নৌবাহিনীর ক্রুজার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তবে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষাটি কবে পরিচালনা করা হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
বোরেই শ্রেণির কৌশলগত ইম্পারেটর আলেক্সান্ডার-থ্রি সাবমেরিন ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র ও আধুনিক টর্পেডো অস্ত্রে সজ্জিত।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএসএস জানিয়েছে, পুতিন গত ডিসেম্বরে ‘ইম্পারেটর আলেক্সান্ডার-থ্রি’ সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বোরেই প্রকল্পে পারমাণবিক শক্তি চালিত ৩টি সাবমেরিন আছে। আরও তিনটি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে।
রাশিয়া পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি বাতিল করার পর, চলতি বছর প্রথমবারের মতো আন্তমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। ১২ মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং এর পাল্লা ৮ হাজার কিলোমিটার।









